মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে সুজন আলী (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার আড়পাড়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সুজন আলী খরমপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, খড়মপুর গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে আড়পাড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেটের সামনে পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন নুজন। পরে তাকে দ্রুত গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই লাল মিয়া জানান, তার ভাই মালয়েশিয়ায় থাকেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ফারুক হোসেন বলেন, সুজন আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদক গাংনী