জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি একাধিক অভিযান চালিয়ে ফেনসিডিল, ভায়াগ্রা, গাঁজা ও মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হওয়ার কয়েকজন বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার রাত ৭টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে হালদারপাড়া গ্রামের মনির হোসেনের আমবাগানে অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭৪৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেন। এছাড়া একই দিন বেলা দেড়টার দিকে জীবননগর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৬৯/এমপি হতে ২ কিলোমিটার ভেতরে ডাংগাপাড়া গ্রামের ছাগল ফার্ম সংলগ্ন এলাকা থেকে নায়েক মো. মামুন শরিফের নেতৃত্বে ৮০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
পরদিন সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে নিমতলা বিওপি এলাকায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের করিম মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. আসাদুর রহমান।
এদিকে, গত ১২ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে শ্রীনাথপুর বিওপি টহল দল সীমান্ত পিলার ৬০/১৫১-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পদ্মপুকুর উত্তরপাড়ার মো. রিপন হোসেন (৩৮) কে আটক করে। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। একই দিনে বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুইজন বাংলাদেশিকে আটক করা হয়। তারা হলেন- বাগেরহাট জেলার মোংলার শেহলাবুনিয়া গ্রামের বিপ্লব রায় (৩০) ও এক নারী সহযোগী। তাদেরও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, গতকাল সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে খোসালপুর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক নারী বাংলাদেশি নাগরিককে আটক করে। তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সমীকরণ প্রতিবেদক