রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস পালন

কন্যাশিশুদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। ‘আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে গতকাল বুধবার পৃথক আয়োজনে এ তিন জেলায় নানা কর্মসূচি পালিত হয়।

চুয়াডাঙ্গা:
‘আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপারের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। তারা কন্যাশিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‘আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, ‘আজকে সময় এসেছে আমাদের কন্যাশিশুদের সকল বৈষম্য দূর করে তাদের আগামীর ভবিষ্যতের উন্নয়ন অগ্রগতির রাস্তা তৈরি করে দিতে হবে।’ তিনি সকল কন্যাশিশুর সাফল্য কামনা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, হারদী হাসপাতালের ওসিসি হিরোজ কবির, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা প্রমুখ।


মেহেরপুর:
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী কনিকা ইসলাম ও জেমি জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মীর দানিয়াল হোসেন রনি। পরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


ঝিনাইদহ:
‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার কন্যা শিশু, অভিভাবক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। আলোচনা সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল করিম, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মনোয়ার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা, জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তোহরা বেগম এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান। এসময় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কন্যা শিশু ও অভিভাবকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।সভায় বক্তারা বলেন, কন্যাশিশু সমাজের বোঝা নয়, একটি পরিবারে কন্যা শিশু আল্লাহ পাকের রহমত স্বরূপ। কন্যা শিশুকে সঠিকভাবে লালন-পালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিতে হবে, আর এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার।বক্তারা আরও বলেন, কন্যাশিশু প্রতিটি পরিবারের জন্য আশির্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যাশিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীল সদস্যদের নিতে হবে।

মহেশপুর:
‘‎আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যকে ধারণ করে ঝিনাইদহের মহেশপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।‎  সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি পরিবারে কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব, সম্মান ও সুযোগ সৃষ্টির মধ্যদিয়েই সমাজে সমতা প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মনোরঞ্জন মজুমদার। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কন্যাশিশুদের জন্য শিক্ষা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য হ্রাস ও নারী নেতৃত্ব বিকাশে ইতিবাচক পরিবর্তন আসছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত