মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বাঁশবাগানে পড়ে ছিলো সদ্যোজাত কন্যাশিশু

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
গাংনীতে বাঁশবাগানে পড়ে ছিলো সদ্যোজাত কন্যাশিশু

মেহেরপুরের গাংনী উপজেলায় বাঁশবাগানে পড়ে থাকা অবস্থায় সদ্য জন্ম নেওয়া এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন পূজায় দায়িত্বরত আনসার সদস্যরা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া কালী মন্দির এলাকার একটি বাঁশবাগানে এই ঘটনাটি ঘটে। 


জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে পুরাতন মটমুড়া কালী মন্দিরে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা হঠাৎ বাঁশবাগানের দিক থেকে কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখতে পান, মাটিতে পড়ে আছে একটি সদ্যোজাত শিশু। এসময় তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, শিশুটির অবস্থা আশঙ্কাজনত হওয়ায় দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


উদ্ধারকারী আনসার সদস্য হুসাইন বলেন, ‘টহল দেওয়ার সময় হঠাৎ বাঁশবাগান থেকে কান্নার শব্দ পাই। কাছে গিয়ে দেখি, সদ্যোজাত একটি শিশু পড়ে আছে। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। কেউ ইচ্ছেকৃতভাবেই বাচ্চাটিকে ফেলে রেখে গেছে।’


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন বলেন, ‘শিশুটির শারীরিক অবস্থা কিছুটা জটিল ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেছি। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে জেলায় পাঠানো হয়েছে। আমরা প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা প্রদান করছি।’

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. জাহিদুল ইসলাম বলেন, নবজাতকটি অবস্থা সংকটপূর্ণ। তাকে আমরা নিবির পরিচর্যায় রেখেছি। তার চিকিৎসার ব্যবস্থা হাসপাতালের পক্ষ থেকে করা হবে।


এদিকে, স্থানীয়রা শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবিও জানান। 


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী