মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেছেন, ‘আপনার আমার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। এ দেশের জনগণ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে সেই অধিকার আবার ফিরিয়ে দিয়েছে। এখন সেই অধিকার ব্যবহার করতে শিখুন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। আমি যদি অন্যায় করি, আমার বিরুদ্ধেও প্রতিবাদ করবেন।’ গতকাল শুক্রবার বিকেলে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জামায়াত নেতারা এলাকায় ভোট চাইছেন, কিন্তু বলছেন যেভাবেই হোক ভোট হলে তা গ্রহণ করবেন। তাহলে পিআর পদ্ধতির কথা কোথায় গেল? ঢাকায় বলছেন আন্দোলন-সংগ্রাম করবেন, আর গ্রামে এসে শুধু ভোট চাইছেন। আন্দোলন ও ভোটের বিষয়ে একরকম কথা বলা শিখুন।’ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘যদি বিএনপিকে ক্ষমতায় আনতে না পারেন, তবে আগের মতোই আবারও নির্যাতন-নিপীড়নের শিকার হবে জনগণ। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি করছে। এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম নিক্ষেপ করে আঘাত করা হয়েছে, কিন্তু জামায়াতের কাউকে এসব আক্রমণের শিকার হতে হয়নি।’ আমজাদ হোসেন ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, মুস্তাফিজুর রহমান বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক জেলা যুবদল নেতা আব্দুল মতিন, বিএনপি নেতা গোলাম সরোয়ার, নূরাল মোল্লা, বজলুর রহমান, আবদুল্লাহ, সাহিন, সাহাবুল, তৌহিদুল ইসলাম, হুরমত আলী, রইচ উদ্দীন মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক গাংনী