মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
গাংনী বাজারে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

সিঁড়ি বাঁচাতে খোড়া হচ্ছে মহাসড়ক

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২৫ ইং
সিঁড়ি বাঁচাতে খোড়া হচ্ছে মহাসড়ক

মেহেরপুরের গাংনী বাজারে ড্রেন নির্মাণে নিয়মবহির্ভূত সুবিধা ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। বাজারে হাজী রিয়াজ উদ্দিন ভবনের সামনের অংশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের নির্ধারিত সরকারি জায়গা ছেড়ে দিয়ে সরাসরি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক খনন করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।


স্থানীয়রা জানান, গাংনী বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় হলেও, নিয়ম না মেনে ও স্বজন-প্রীতির ভিত্তিতে কাজ করায় সেটি বরং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ড্রেন নির্মাণের জন্য বাজারের অসংখ্য দোকান ভাঙচুর করা হয়েছে। এমনকি এক দোকানের দেয়াল ভেঙে একজন লোক মারা গেছেন। কিন্তু প্রভাব থাকায় ভিন্ন ঘটনা ঘটছে হাজী রিয়াজ উদ্দিন ভবনের সামনের অংশে। সরকারি জায়গা হলেও বাড়ির সিঁড়ি বানিয়ে দখলে রাখায় ড্রেন করা হচ্ছে মহাসড়কের অংশ খনন করে।


নাম প্রকাশে অনিচ্ছক বাজারে অনেকে অভিযোগ করেছেন, সড়ক ও জনপদের প্রায় ১০ ফুট জায়গা ফাঁকা রাখা হচ্ছে একজনকে সুবিধা দেয়ার জন্য। ফলে ড্রেন নির্মাণ করতে হচ্ছে মহাসড়ক খুঁড়ে। এতে একদিকে রাস্তার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাজারের ভেতর জটিলতা তৈরি হচ্ছে।


স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে হাজী রিয়াজ উদ্দিন ভবনের সামনের সরকারি জায়গা বেদখলে রয়েছে। এ ভবনের সামনে থাকা গোলাকৃতি সিঁড়ির একটি অংশ সড়ক ও জনপদ বিভাগ ভেঙে দিলেও, পরে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের আত্মীয় হওয়ার সুবাদে সেই সিঁড়ি আবার মেরামত করে পুনরায় ব্যবহার শুরু করা হয়।


সরকার পরিবর্তন হলেও এখন ভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ড্রেন নির্মাণে নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম রেজা বলেন, ‘রাজনৈতিক চাপ থাকায় এখানে স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে ড্রেন নির্মাণ করতে বাধ্য হচ্ছি।’


গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে জানার পর পৌর প্রকৌশলীকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুতই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ বিষয়ে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী