স্বাস্থ্যসেবা খাতে আধুনিকায়নের অংশ হিসেবে মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩টায় নবনির্মিত এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি সচিব কামাল উদ্দিন, খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, খুলনা বিভাগের (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ, এবং মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই ভবনটি জেলার মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার পথে একটি বড় অগ্রগতি। স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, সবার জন্য সমান ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই নতুন ভবনটি শুধু একটি স্থাপনা নয়-এটি মেহেরপুরবাসীর সুস্বাস্থ্যের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। অতিথিরা আরও উল্লেখ করেন, এই হাসপাতাল শুধু চিকিৎসা সেবার কেন্দ্র নয়। বরং এটি দক্ষ মানবসম্পদ তৈরির একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিবেদক মেহেরপুর