সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘নির্বাচনের বিকল্প নেই, দরকার দু’টি পদ্ধতিতেই’- ড. বদিউল আলম

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
‘নির্বাচনের বিকল্প নেই, দরকার দু’টি পদ্ধতিতেই’- ড. বদিউল আলম

‘নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত জরুরি’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান ও সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর প্রতিষ্ঠাতা ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নিম্নকক্ষ আসন ভিত্তিক ও উচ্চকক্ষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে কিছু ত্রুটি থাকলেও, আমরা এই দুই পদ্ধতিই গ্রহণ করেছি। দু’টি পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।’ 


আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুজনের আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া কোনো দেশ জাতীয় বা আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে না। নির্বাচনই সেই একমাত্র পথ, যার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সম্ভব এবং গণতন্ত্রের উত্তরণ ঘটানো যায়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন ও সংবিধান কমিশনের পক্ষ থেকে পদ্ধতিগত সংস্কারের সুপারিশ করা হয়েছে। নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে- এমন প্রস্তাব আমরা দিয়েছি।’


নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. মজুমদার আরও বলেন, ‘আমরা আশাবাদী, তরি ভিড়বে। সবাই মিলে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে। আমরা চাই, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এর মাধ্যমেই একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।’

সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব ও ঐক্যমতের পক্ষে সাংবাদিক মনির হায়দার। সভায় আরও বক্তব্য দেন ‘সুজন’ মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এএসএম সায়েম পল্টু, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, বিএনপি নেতা আব্দাল হক প্রমুখ। এছাড়াও সভায় দি হাঙ্গার প্রজেক্ট, নারী নেটওয়ার্ক, পিএফজি, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, সুজনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী