সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আদালত চত্বর থেকে আসামি অ প হ র ণের চেষ্টা

পুলিশের তৎপরতায় উদ্ধার, আটক ১০
  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৫ ইং
মেহেরপুরে আদালত চত্বর থেকে আসামি অ প হ র ণের চেষ্টা

মেহেরপুর জেলা জজ আদালতের চত্বর থেকে প্রকাশ্যে এক আসামিকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে আদালতে জামিনে মুক্তি পাওয়া নুরুজ্জামানকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা ধরা পড়েন। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে হঠাৎ করে একদল ব্যক্তি নুরুজ্জামানকে ঘিরে ফেলে এবং বেদম প্রহার করে। পরে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তোলে। এসময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বাধা দিলে তাদেরও মারধর করা হয়। ঘটনাটি মুহূর্তে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি করে।


‎খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে পুলিশের তল্লাশিতে ঢাকা মেট্রো-চ-৫৩-৮২০০ নম্বরের মাইক্রোবাস আটক করা হয়। ওই গাড়ি থেকে নুরুজ্জামানকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা মেহেরপুর সদর থানা হেফাজতে রয়েছে।


‎অপহৃত নুরুজ্জামানের ভাই রাজু আহমেদ জানান, নুরুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে। তার বিরুদ্ধে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফ একটি মামলা দায়ের করেন। মামলাটি ২৭ লাখ টাকার আর্থিক লেনদেন নিয়ে, যা বিদেশ গমনের জন্য নেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।


‎মামলার বাদী পারভেজ আশরাফের দাবি, নুরুজ্জামান টাকা নেওয়ার পর বিদেশ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেননি। এ কারণে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং হুমকি প্রদানের অভিযোগে মেহেরপুর জজ আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় চলমান রয়েছে।


‎আদালত এক মাসের জন্য নুরুজ্জামানের জামিন মঞ্জুর করলে বাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আদালত চত্বরেই তাকে অপহরণের চেষ্টা চালায়। রাজু আহমেদের দাবি, পারভেজ আশরাফ ও তার সহযোগীরাই এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায় এবং বাঁশবাড়িয়া এলাকা থেকে মাইক্রোবাসসহ অপহরণকারীদের গ্রেপ্তার করে। নুরুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী