সারা দেশের মতো মেহেরপুরেও অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেহেরপুর প্রেসক্লাবে জেলা শাখার আয়োজনে এ বৈঠক হয়। এতে সাংবাদিক, গণমাধ্যম কর্মী, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন।
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন।
প্রবন্ধে তিনি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন— আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর ভূমিকা ও মর্যাদা, অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, আইনসভা এবং সামাজিক সুরক্ষা কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ধারণা এতে রয়েছে।
তিনি বলেন, ‘একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের ব্যবস্থার উপর। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহর প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, ইসলামেই নিহিত আছে প্রকৃত বাকস্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের গ্যারান্টি। তবে এ স্বাধীনতা হবে সত্য ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য কিংবা গোপন গোয়েন্দাগিরি— এসব ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ফলে আল্লাহর নির্দেশিত নীতিমালা গণমাধ্যমকে করবে স্বচ্ছ, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন।
অনুষ্ঠানে হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির জসেব উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সংগঠনের জেলা গণমাধ্যম সম্পাদক মিনারুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন