মেহেরপুরে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও শিল্পপতি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরআগে সোমবার পটুয়াখালী জেলার মহিপুর থানার কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আ. লীগ নেতা হাবিবুর রহমান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ও আদালতে প্রতারণা ও চেক জালিয়াতিসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে তিনি পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে হাবিবের বাবা-দাদা, মা-দাদি মাত্র ১০ টাকার তাঁতের গামছা তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। সেই সময়ে হাবিব সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি পান। চাকরিতে যোগদানের পর থেকেই তাদের সংসারে কিছুটা সচ্ছলতা আসে। সেনাবাহিনীতে চাকরির সুবাদে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে কাজ করার সুযোগ পান হাবিব। এসময় তিনি আবদুল হামিদের নানা ফরমায়েশও শুনতেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, শিল্পপতি হাবিবুর রহমান গত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে মেহেরপুরে উপস্থিত হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে এলাকায় আলোচিত হয়েছিলেন।
প্রতিবেদক মেহেরপুর