সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মাদক ব্যবসায়ীর হামলায় বাবা-ছেলেকে জখমের অভিযোগ

অভিযুক্তের পাল্টা দাবি ‘টাকা লেনদেন নিয়ে বিরোধ’
  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
গাংনীতে মাদক ব্যবসায়ীর হামলায় বাবা-ছেলেকে জখমের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত হয়েছেন। গত শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে গাড়াবাড়িয়া দরগাতলা পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, স্থানীয় মৃত ফড়িং শেখের ছেলে আবুল হোসেন (৫৮) ও তার ছেলে বেল্টু হোসেন (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।


আহত আবুল হোসেন জানান, তার ছেলে বেল্টুকে কৌশলে স্থানীয় মাদক ব্যবসায়ী গোপালের বাড়িতে ডেকে নিয়ে যায় গোপাল ও তার স্ত্রী আঞ্জুয়ারা। এরপর লাইলন দড়ি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটাতে থাকে। ছেলের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।


আহত বেল্টু হোসেন বলেন, ‘আমাদের গ্রামের রববিল্লার ছেলে গোপালের সঙ্গে কিছুদিন ধরে চলাফেরা করছিলাম। কয়েকদিন আগে মিথ্যা প্রলোভনে সে আমাকে হরিরামপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। পরে আবার আমাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এরপর পরিকল্পিতভাবে একদিন আমাকে ডেকে তার বাড়িতে নেয়। আমি তার কথা বিশ্বাস করে গেলে, সে আমাকে বেঁধে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা করে।’


তিনি আরও বলেন, ‘গোপাল অভিযোগ তোলে আমি তার ‘মাল’ ধরিয়ে দিয়েছি। সেই অভিযোগে সে আমার কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা কেড়ে নেয়। আমার চিৎকারে বাবা ছুটে এলে তাকেও রড দিয়ে আঘাত করা হয়।’ বেল্টুর দাবি, গোপাল দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করছে। কে বা কারা তার ‘মাল’ ধরিয়ে দিয়েছে সে জানে না। শুধু সন্দেহের বশে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গোপাল হোসেন মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করে বলেন, ‘বেল্টু আমার কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিল। পরে সেই টাকা অস্বীকার করে। এ কারণে আমি তাকে বাড়িতে আটকে রেখেছিলাম, তবে মারিনি। বরং তারা আমাদের বাড়িতে এসে আমার স্ত্রী ও আমাকে মারধর করেছে।’ টাকা ধার দেওয়ার প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো প্রমাণ আমার কাছে নেই, তারা গোপনে নিয়েছিল।’


এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী