চুয়াডাঙ্গার আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের পদত্যাগের দাবিতে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় থেকে বের হয়ে আলুকদিয়া বাজারে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি নানা অজুহাতে ছাত্রীদের, বিশেষ করে সুন্দরী মেয়েদের অফিসকক্ষে ডেকে অকারণে কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোরপূর্বক কোচিং করতে বাধ্য করা হয়।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, আগে ফয়সাল নামে স্থানীয় এক কোচিং শিক্ষকের কাছে প্রশ্নপত্র বিক্রি করতেন প্রধান শিক্ষক। বর্তমানে নিজেই বিদ্যালয়ে কোচিং করান এবং মাসে ৪০০ টাকা করে ফি নেন। পাশাপাশি নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করেন। সম্প্রতি আইডি কার্ড তৈরির নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা সংগ্রহ করা হলেও নিম্নমানের কার্ড সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসানুজ্জামান বলেন, ছাত্রীরা যেসব অভিযোগ করেছে তার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। মূলত ভুল বোঝাবুঝির কারণেই তারা আন্দোলনে নেমেছে।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, অতিরিক্ত ফি আদায়ের কোনো সুযোগ নেই। শুধু সরকার নির্ধারিত ফি নেওয়া হয়। আসলে ছাত্রীরা দুপুর ১টা পর্যন্ত ক্লাস করতে চায়, কিন্তু তিনি ৪টা পর্যন্ত ক্লাস চালুর পক্ষে। এ কারণেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
প্রধান সম্পাদক