গাংনীর ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ছাত্র মারধর, গালিগালাজ করা এবং বিভিন্ন কাজে শিক্ষার্থীদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল চলাকালীন সময়ে আশরাফুল ইসলাম পঞ্চম শ্রেণির ছাত্র রোহানসহ কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষার খাতার কাজ করাচ্ছিল। খাতায় সিল মারার সময় রোহানের ভুলে কয়েকটি খাতা নষ্ট হলে আশরাফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রোহানকে চোখের নিচে ঘুষি মেরে গালাগালি করেন। কান্নাজড়িত অবস্থায় রোহান ঘটনাটি দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকার কাছে জানালে তিনি শিশুটিকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
তার মা তপিয়ারা খাতুন বলেন, ‘ছেলেকে লেখাপড়ার জন্য স্কুলে পাঠিয়েছি। শিক্ষকরা শাসন করলে বুঝতাম, কিন্তু দপ্তরি কীভাবে আমার ছেলের গায়ে হাত তোলে? আমি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের নিকট জানার জন্য বিদ্যালয় গেলেও তিনি অফিসিয়াল কাজে বাইরে থাকায় আমি কথা বলতে পারিনি। তবে আশরাফুলের সঙ্গে দেখা করিনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি শিক্ষা অফিসে কাজে ছিলাম। একজন শিক্ষিকাকে দায়িত্ব দিয়েগিয়েছিলাম। পরে ফিরে এসে বিষয়টি জানতে পেরে আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করি। কেন শিক্ষার্থীদের দিয়ে দপ্তরির কাজ করানো হয়েছে এবং কেন তাদের গায়ে হাত তোলা হয়েছে- এর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ওবায়দুল্লাহ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। খুব শিগগিরই বিদ্যালয়ে গিয়ে তদন্ত করব। প্রমাণিত হলে দপ্তরির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিবেদক গাংনী