ভারতে দীর্ঘ ২৬ বছর বসবাসের পর মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর জেলার দুটি পরিবারের সদস্য। তারা হলেন- ভাঙ্গা উপজেলার বড়মুসকুন্নি গ্রামের আবু সাইদ (৪৫), তার স্ত্রী বিউটি বেগম (৪০), মেয়ে সিমলা আক্তার (১) ও ছেলে সম্রাট হোসেন (৭), একই জেলার রানাপাশা গ্রামের জামাল শেখ ওরফে বদি (৩৯), তার স্ত্রী ডলি আক্তার (২৫), মেয়ে লামিয়া আক্তার (৬), সাদিয়া (১) এবং ছেলে আকবর হোসেন (৪)।
আবু সাইদ জানান, তিনি ও তার পরিবার গত ২৬ বছর ধরে ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের পাহাড় থানার হরিদাসপুর এলাকায় বসবাস করছিলেন। সেখানে তাদের নিজস্ব বাড়ি ও একটি ছাতা এবং গদির দোকান ছিল। তবে কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের হঠাৎ করে আটক করে এবং বিএসএফের কাছে হস্তান্তর করে। এই সময় তাদের ঘরে থাকা মালামাল ও ব্যবসার সরঞ্জাম সেখানেই থেকে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করায় ভারতীয় পুলিশ মঙ্গলবার রাতে তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এসময় পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার এবং বিএসএফের পক্ষে ছিলেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার।
হস্তান্তরের পর বিজিবি তাদের মুজিবনগর থানায় নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।
মুজিবনগর অফিস