মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষের পক্ষে জাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে এ কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। আশরাফুর বাজারের ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা ও গ্রামের জনসাধারণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শিষের পক্ষে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এ গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, ‘আপনারা জানেন কিছুদিন আগে এক ফ্যাসিবাদ খায়রুল হক গ্রেপ্তার হয়েছে। সে এই দেশেই ছিল, কিন্তু বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির জন্য তাকে গ্রেপ্তার করতে এতো সময় লাগলো।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই এই খাইরুল হকের মত যেসব বিচারক অবৈধ রায় দিত, শেখ হাসিনার লিখিত রায়কে বাস্তবায়ন করত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্য সম্পন্ন করতে হবে। আগামী নির্বাচনে মেহেরপুরের ১ এবং ২ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উপহার দিব ইনশাআল্লাহ। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনছারুল হক, ওমর ফারুক লিটন, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ সদর যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর ইসলাম ফিরোজ, ইলিয়াস হোসেন, আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, শ্যামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিবেদক মেহেরপুর