মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার রামনগর ফুটবল মাঠে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ ও সদস্য রোমানা আহম্মেদ।
এছাড়া সম্মেলনে বক্তব্য দেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল, বাগোয়ান ইউনিয়নের রফিকুল ইসলাম, মহাজনপুরের আশরাফুল ইসলাম কালু, মোনাখালীর রাইয়ানুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন। এছাড়া জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাউসার আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টুসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে আমিরুল ইসলামকে সভাপতি, মশিউর রহমানকে সাধারণ সম্পাদক এবং হারুন অর রশিদ ও আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।
মুজিবনগর অফিস