২০২৫-২৬ মৌসুমে তুলা চাষে আবাদ বাড়াতে মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ তাসদিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার তুলা চাষিরা অংশ নেন। প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন তুলা চাষিকে বিনামূল্যে সরবরাহ করা হয়-৬০০ গ্রাম তুলা বীজ, ২ কেজি বোরন সার, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি এমওপি, ৫০ কেজি টিএসপি এবং বিভিন্ন ধরনের কীটনাশক। বক্তারা বলেন, তুলা উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদক গাংনী