মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মাঠে ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের ভাষ্যমতে, ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল লেজার লাইট, অস্ত্র ও ককটেল বোমা নিয়ে রাতের আঁধারে মাঠে অবস্থান নেয়। এসময় স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছালে ডাকাতরা প্রথমে লেজার লাইট মেরে দাঁড়াতে বলে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ প্রায় ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলার শিকার ব্যক্তিরা হলেন- আজান গ্রামের মৃত ফজিল মণ্ডলের ছেলে লিয়াকত আলী, ফজলু মণ্ডলের ছেলে কালু মণ্ডল, আব্দুর রশিদের ছেলে রতন এবং জুগিন্দা গ্রামের এনামুল হকসহ তার দুই বন্ধু।
স্থানীয় বাসিন্দারা জানান, পরপর দুটি ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর মাঠে যাওয়া তো দূরের কথা, বাড়ির আশপাশেও চলাফেরা করতে ভয় লাগছে। এদিকে, পুলিশ বলছে, অতীতের তথ্য ও এলাকাবাসীর সহায়তায় ডাকাত চক্রের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই এ ঘটনার রহস্য উদঘাটন হবে। উল্লেখ্য, এর আগে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠেও একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। এক সপ্তাহের ব্যবধানে দুটি ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রতিবেদক গাংনী