দামুড়হুদা উপজেলার নতিপোতায় হাজী ইজের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় লক্ষ্মীপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ইউনিয়নের ভগিরথপুর স্কুলমাঠে চক্রবাক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় লক্ষ্মীপুর ফুটবল একাদশ ও কালিয়াবকরি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। যেখানে লক্ষ্মীপুর একাদশ বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রবাক সংঘের সভাপতি হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, যুবদল নেতা আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান জনি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান তনু বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ বিনোদনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ফুটবল এর অন্যতম বড় মাধ্যম। আমাদের লক্ষ্য, জনগণের ভোটে সরকার গঠন করে এই ক্লাব, মাঠসহ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।’ বিশেষ অতিথি মোমিন মালিতা বলেন, ‘বিগত সময়ে মাদকের যে দৌরাত্ম্য ছিল, তা ৫ আগস্টের পর থেকে অনেকটাই কমেছে। জনগণ এখন মুক্তভাবে আনন্দ করতে পারছে। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
অনুষ্ঠান পরিচালনা করেন চক্রবাক সংঘের সাধারণ সম্পাদক তানজুল ইসলাম। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, নতিপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল মেম্বার, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনুর রহমান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাগিব, ছাত্রনেতা তাজওয়ার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন