পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিংয়ে সচেতন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির উদ্যোগে চালকদের মোবাইল রাখার কেস বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে বিভিন্ন বাস ও ট্রাক চালকদের মাঝে এই কেস বিতরণ করা হয়। কেস বিতরণকালে চালকদের সচেতন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাই কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘কোনো পেশাদার দূরপাল্লা ও লোকাল বাস চালক ড্রাইভিং করার সময় যেন কানে ফোন না ধরে, সে জন্য মোবাইল কেস দেওয়া হলো। এতে সড়কে আর কোনো প্রাণ ঝরবে না এবং দুর্ঘটনা কমে আসবে। সেই সঙ্গে চালকরা সচেতন থাকবে এবং যাত্রীদের নিরাপদে সড়কে চলাচলের সুযোগ তৈরি হবে। গাড়িতে মোবাইল কেস থাকলে চালকরা নিরাপদে ড্রাইভিং করতে পারবে।’
মাসব্যাপী নিসচা’র কর্মসূচি নিয়ে চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি অ্যাড. মানিক আকবর বলেন, ‘আগামী ১৮ই অক্টোবর নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে পেশাদার গাড়ি চালকদের মোবাইল রাখার জন্য কেস বিতরণ করা হলো। আগামী দিনে আরও কয়েকটি কর্মসূচি পালন করা হবে। এই মাসব্যাপী নিসচা’র কর্মসূচি চলবে, যার ফলে সড়কে যাতায়াতকারীরা এবং সব ধরনের চালকরা সতর্কতার সঙ্গে সড়কে চলাচল করবে।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য ইন্তাজুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডিএসবি শাখার সহকারী উপ-পরিদর্শক তুহিনুর জামান এবং জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন