জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী সীমান্ত ইউনিয়ন শাখার উদ্যোগে দলের নেতা—কর্মীরা গ্রামবাসীর সহযোগিতায় রাস্তাটির সংস্কার করেন।
জানা যায়, সীমান্ত ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের গোয়ালাপাড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে এক কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল। এ কারণে তিন গ্রামের মানুষসহ দুটি প্রাইমারি স্কুল, তিনটা মাদ্রাসা, একটি বিনোদন কেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হতো।
বিষয়টি জামায়াতের নেতা—কর্মীদের নজরে এলে তারা বারবার কর্তৃপক্ষকে বলার পরেও রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই সবাই মিলে ইট—বালু দিয়ে রাস্তা সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি আলা উদ্দীন, সহকারী সেক্রেটারি মো. জালাল উদ্দীন, মো. জহুর আলম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন