বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন, সহসভাপতি খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুল মোমিন, শিক্ষক নেতা আব্দুস সাত্তার, রুহুল আমিন, লিয়াকত আলী, সাথী খাতুন, আলমগীর হোসেন, সাবদার আলী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা, শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। সেই সাথে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখারও আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিবের বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
সমীকরণ প্রতিবেদন