শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোহিঙ্গা ইস্যু ও উত্তর কোরিয়ার পরমাণু হুমকি প্রাধান্য পাবে

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৭ ইং
রোহিঙ্গা ইস্যু ও উত্তর কোরিয়ার পরমাণু হুমকি প্রাধান্য পাবে
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক আজ শুরু : রোহিঙ্গা ইস্যুতে জোরালো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সমীকরণ ডেস্ক: সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে আসতে শুরু করেছেন। অনেকেই নিউইয়র্কে পৌঁছে গেছেন এরই মধ্যে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় (নিউইয়র্ক সময় সকাল ৯টা) অধিবেশন বসবে। অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে বরাবরের মতো বাংলায় ভাষণ দেবেন ২১ সেপ্টেম্বর। নির্ধারিত কর্মসূচি মোতাবেক, সোমবার নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সংস্কারের ওপর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসসহ বিশ্বের অন্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন। এতে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখেন। ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের একটি সভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পরপরই বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া একইদিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। জাতিসংঘ বৈঠকের ফাঁকে ফাঁকে বন্ধুপ্রতিম দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, সন্ত্রাসবাদ নির্মূল, শান্তি ও সম্প্রীতি, তথ্যপ্রযুক্তি, বিশুদ্ধ পানীয় জল, অভিবাসন ইত্যাদি ইস্যুতেও বেশ কয়েকটি বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। জাতিসংঘের মূল অধিবেশনে এবং সাইডলাইন বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জোরালো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রয়াস এরই মধ্যে মানবিকতা ও শান্তির ক্ষেত্রে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ১৯৪ রাষ্ট্রের শীর্ষ নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিচ্ছেন। অধিবেশন চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক বৈঠকে বসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নেয়া পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেবেন। সোমবার ওই বৈঠকটি হওয়ার কথা বলে জানায় নিউইয়র্ক টাইমস। রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের অংশ হিসেবে এ বৈঠককে দেখা হচ্ছে। জাতিসংঘের এবারের সম্মেলনে রোহিঙ্গা ইস্যু ও উত্তর কোরিয়ার পরমাণু হুমকি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানও রোহিঙ্গা ইস্যুতে একটি বৈঠকে আয়োজন করেছেন। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য এখন পর্যন্ত জোরালো অবস্থান নেয়নি। জনসন এর আগে বলেছেন, রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে অং সান সুচির নৈতিক কর্তৃত্বকে কাজে লাগাতে হবে।


কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার