দর্শনা পৌর এলাকার বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে ধারাবাহিক চুরির ঘটনা ঘটছে। যা নিয়ে কর্তৃপক্ষ দিশেহারা হয়ে পড়েছে। জানা যায়, পিছিয়ে পড়া গোষ্ঠীকে শিক্ষার আলো পৌঁছে দিতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়। শুরুতে ২৫ জন কর্মকর্তা-কর্মচারী এবং ১৮০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়। তবে বিভিন্ন সময় চোরের দল বিদ্যালয়ের অবকাঠামো ও সরঞ্জাম ধারাবাহিকভাবে চুরি করছে। সর্বশেষ গত শনিবার রাতে চোরেরা লোহার অ্যাঙ্গেল কেটে বিদ্যালয়ের সাইনবোর্ড নিয়ে গেছে। এর আগেও ২০২২ সাল থেকে বিদ্যালয়টির তিনটি টিউবওয়েল, প্রতিবন্ধী শিক্ষার্থীদের থেরাপির যন্ত্রপাতি ও তিনটি হুইলচেয়ার চুরি হয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার জানান।
এই ধারাবাহিক চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ হতাশায় ভুগছে। প্রধান শিক্ষিকা জানান, ‘আমরা ১৪ জন শিক্ষক বিনা বেতনে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে যাচ্ছি এবং নিজেদের অর্থে বিদ্যালয়টি টিকিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু বারবার এভাবে চুরি হলে বিদ্যালয় পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে।’ এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের কাছ থেকে সহায়তা ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে।
সমীকরণ প্রতিবেদন