দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠক অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২২
ইং
দর্শনা অফিস: বাংলাদেশে প্রায় চার বছর কারাভোগ শেষে নিজ দেশ ভারতে ফিরলেন আব্বাস মণ্ডল (৩৫) নামের এক যুবক। কারাভোগ শেষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। আব্বাস মণ্ডল ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের মান্দার মণ্ডলের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, ২০১৮ সালে দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে আটক হন আব্বাস মণ্ডল। পরে তাঁকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে দুই দেশে হাইকমিশনে কাগজ আদান-প্রদানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। সকল প্রক্রিয়া শেষে দীর্ঘ চার বছর সাজা ভোগের পর মুক্তি পান আব্বাস।
পতাকা বৈঠক উপস্থিত ছিলেন (বাংলাদেশ বর্ডার গার্ড) বিজিবির দর্শনা কোম্পানি কমাণ্ডার সুবেদার জহির উদ্দিন বাবু, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম, দর্শনা থানা পুলিশের এসআই ফজলুর রহমান, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ গেদে ক্যাম্প কমাণ্ডার (ভারপ্রাপ্ত) অশোক কুমার, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোলাপ চন্দ্র পাল, কাস্টমস ইনচার্জ সৈকত কুমার, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মুখার্জি প্রমুখ।
কমেন্ট বক্স