মেহেরপুর গাংনীর চৌগাছায় দিন-দুপুরে দুই বাড়িতে চোরেদের তাণ্ডব
- আপলোড তারিখঃ
১১-১১-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের দুটি বাড়িতে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করেছে চোরেরা। গতকাল বৃহস্পতিবার দিনে-দুপুরে চৌগাছা গ্রামের তাইজুল হকের মেয়ে রোজিফা খাতুন ও রোজিফার ছোট ভাই গাংনী সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামানের বাড়িতে এই দুটি চুরির ঘটনা ঘটে। রোজিফা গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একজন স্টাফ তার ছোট ভাই আক্তারুজ্জামান একজন শিক্ষক। চাকরির সুবাদে দুই গৃহকর্তাসহ পরিবারের সকল সদস্যরা ছিলেন বাড়ির বাইরে। এ সুযোগে চোরেরা ফাঁকা বাড়ি পেয়ে চুরি করতে সক্ষম হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
বাড়ির মালিক রোজিফা খাতুন, ‘চাকরির সুবাদে আমি ছিলাম কর্মস্থলে এবং আমার স্বামীও নাটোরে ছিলেন। এছাড়াও পাশে আমার ছোট ভাইয়ের বাড়ি। ওই বাড়িতেও কেউ ছিল না। এ সুযোগে চোরেরা দুটি বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরের তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।’ এদিকে, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র আরও জানায়, চৌগাছা গ্রামে কয়েকজন মাদকাসক্ত যুবক রয়েছে। মাদকাসক্ত যুবকরাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গৃহকর্তাদের পক্ষ থেকে গাংনী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, চুরির ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে পুলিশি তৎপর রয়েছে।
কমেন্ট বক্স