চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ইজিবাইক চালকের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১২-১০-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মিরাজ হোসেন (১৯) নামের এক ইজিবাইক চালককে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ। এসময় মিরাজ হোসেনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মিরাজ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মিরাজ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার রাকিব হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে সদর থানার এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে মিরাজ হোসেন নামের এক ইজিবাইক চালককে আটক করে। এসময় মিরাজ হোসেনের দেহ তল্লাশি চালিয়ে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ২১ ধারায় মিরাজ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মিরাজ হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন সোবহান আলী এবং নিরাপত্তার দায়িত্বে ছিল সদর থানা পুলিশের একটি টিম।
কমেন্ট বক্স