শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিথ্যা মামলা করায় বাদী কারাগারে!

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২২ ইং
মিথ্যা মামলা করায় বাদী কারাগারে!

সমীকরণ প্রতিবেদক: মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত। গতকাল রোববার মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্-এর আদালত এই আদেশ প্রদান করেন। মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালটের বেঞ্চ সহকারী মোছা. শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে মারধর, প্রাণনাশের হুমকি প্রদানসহ কয়েকটি অভিযোগ এনে বাদী মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. হিফাজ উদ্দিন একটি ফৌজদারি মামলা করেছিলেন। কিন্তু বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় যে বাদীর অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। তাই আদালত আসামি তারানগর গ্রামের আমির হোসেন খোকন ও রোকনকে খালাস প্রদান করে বাদী হিফাজ উদ্দীনকে ৭ দিনের কারাদণ্ড দেন। একইসঙ্গে বাদীকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করতে বলা হয়েছে আদালতের আদেশে।

আদালত তাঁর আদেশে বলেন, আসামিদের বিরুদ্ধে মারধর বা প্রাণনাশের হুমকির অভিযোগ আনয়ন করা হলেও বাদী কিংবা তার কোনো একজন সাক্ষী আদালতে এমন কোনো সাক্ষ্য প্রদান করেননি। এমনকি বাদী নিজেও বলেছেন যে ২-৩ নম্বর আসামি ঘটনাস্থলেই ছিল না। জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আদালত অভিমত ব্যক্ত করেন। ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত