চুয়াডাঙ্গার জাফরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হোসেন (৩৫) নামে এক আলমসাধুর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আলমসাধুটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আলমসাধুর আরোহী রিপন আলী (৩৬)। নিহত নাজমুল হোসেন আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন আলী একই এলাকার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে।
আহত রিপন আলী বলেন, ‘আজ (গতকাল) সকালে নাজমুলের আলমসাধুযোগে ভুট্টা নিয়ে বিক্রির জন্য ডিঙ্গেদহ বাজারে গিয়েছিলাম। ভুট্টা বিক্রি শেষে ফেরার পথে জাফরপুর মোড়ে পৌঁছালে নাজমুল তার আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় আলমসাধুটি উল্টে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনে।’
চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম রিপন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। একই দুর্ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আলমসাধুর একজন আরোহী গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন