নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। চুয়াডাঙ্গা ছাড়াও যশোর, কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বইয়ে গেছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর এ জেলার ওপর দিয়ে বইতে শুরু করে এ বছরের প্রথম কালবৈশাখী ঝড়। রাত রাত পৌনে দশটার পর স্বাভাবিক হতে শুরু করে এ জেলার আবহাওয়া।
এদিকে, কালবৈশাখী ঝড়ের আঘাতে চুয়াডাঙ্গা শহরের বেশকিছু ঘর-বাড়ি, দোকানপাট ও গাছপালার ক্ষতি সাধন হয়েছে। ঝড়ের কবলে পড়ে এ জেলায় কয়েকজনের গুরুতর জখম হওয়ায় খবরও পাওয়া গেছে। গতকাল রাতে পৌনে নয়টার দিকে চুয়াডাঙ্গায় বাতাসের গতিবেগ ছিল ৪৬ কিলোমিটার ও রাত নয়টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৩ মিলিমিটার।
গতকাল আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ১ থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের প্রায় সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ সামাদুল হক বলেন, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। আজ (গতকাল) চুয়াডাঙ্গায় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার ও বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৩ মিলিমিটার। তিনি আরও বলেন, সাধারণত ফেব্রুয়ারির শেষ দিকেই কালবৈশাখীর দেখা পাওয়া যায়। এটি বছরের প্রথম কালবৈশাখী ঝড়।’
সমীকরণ প্রতিবেদন