চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। সেই সাথে সবাইকে সতর্ক করা হয় এবং পথচারী, ফলের দোকান ও চায়ের দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ রোধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের নেতৃত্বে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের একটি টিম চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চানান। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান সংক্রমণ রোগ-নিরোধ আইন ২০১৮ এর ২৫ ধারায় দু’জনকে ২ শ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার ৪ জনকে ৫ শ টাকা জরিমানা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বলেন, করোনার সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন থেকে প্রতিদিন জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রথম দিনে সবাইকে সতর্ক করা হলো। এরপর থেকে কঠোর অবস্থানে যাবে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাকির হোসেন। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি টিম।
সমীকরণ প্রতিবেদন