শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই বছরেও আলোর মুখ দেখেনি প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্ক

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
জীবননগরে দুই বছরেও আলোর মুখ দেখেনি প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্ক

মিঠুন মাহমুদ:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝামাঝি উথলী গ্রামে অবস্থিত প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্কের নির্মাণাধীন জমি পরিদর্শনের দুই বছর পার হয়েছে। ২০১৯ সালের ২রা সেপ্টেম্বর আইটি পার্কের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক। এরপর দীর্ঘ দুই বছর পার হলেও এখন পর্যন্ত প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্কের কাজ শুরু না হওয়ায় এলাকার সুধীসহ শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছেন। জীবননগর উপজেলাতে হাইটেক আইটি পার্ক হলে একদিকে যেমন এলাকার বেকারত্ব দূর হবে, অন্যদিকে তরুণ জনগোষ্ঠীকে চাকরি বা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্কের জন্য নির্ধারিত জমি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত দর্শনা চেকপোস্ট, দর্শনা রেলস্টেশন, এশিয়া মহাদেশের বৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি, দর্শনা থানা, দর্শনা সরকারি কলেজ, জীবননগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজসহ আবাসিক ও অনাবাসিক এলাকা। সাথেই রয়েছে প্রধান সড়কও। এখানে আইটি পার্ক নির্মাণ হলে চুয়াডাঙ্গা জেলাসহ পার্শ্ববর্তী ঝিনাইদহ, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের জন্য অনেকে সম্ভাবনার সুযোগ সৃষ্টি হবে।
সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ৩০ লাখ যুবক দেশের শ্রমবাজারে প্রবেশ করে। সরকারিভাবে প্রতি বছর নিয়ম করে কিছু চাকরির ব্যবস্থা করে। কিন্তু বিপুল চাহিদার বড় অংশই প্রত্যাশা করে বেসরকারি খাতের কাছে। এই তরুণ জনগোষ্ঠীকে চাকরি বা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে শেখ কামাল হাইটেক আইটি পার্ক ঘিরে এলাকার মানুষের প্রত্যাশা অনেক। স্থানীয় তরুণদের দাবি, এলাকায় যদি প্রস্তাবিত হাইটেক পার্ক হয়, তাহলে এখানে অনেক তরুণ ও বেকার যুবকদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। একই সঙ্গে এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠতে পারবে। তাই সরকারের কাছে শিক্ষার্থীদের দাবি, অতিদ্রুত যেন এখানে প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্কের নির্মাণকাজ শুরু করা হয়।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উথলী গ্রামের প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্ক নির্মাণের জন্য ইতোমধ্যেই একটি টিম জমি পরিদর্শন করেছে। এখানে হাইটেক আইটি পার্ক হলে এলাকার অনেক তরুণ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
জীবননগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ‘জীবননগর উপজেলার উথলীতে প্রস্তাবিত শেখ কামাল হাইটেক আইটি পার্ক নির্মাণের জন্য ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উথলী শেখ কামাল হাইটেক পার্কের জমি ভিজিট করেছেন। এ বিষয়ে ঢাকায় একটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। এখানে হাইটেক আইটি পার্ক নির্মাণের জন্য কর্তৃপক্ষের মতামত আছে, আশা করা যায় খুব দ্রত শেখ কামাল হাইটেক আইটি পার্কের কাজ শুরু হবে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত