সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দোলনের মুখে সমাজসেবার ডিডি কাদেরকে বদলি

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২০ ইং
আন্দোলনের মুখে সমাজসেবার ডিডি কাদেরকে বদলি
মেহেরপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও পথসভা মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরের নেতৃত্বে ডিবিসির মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করণ, বাংলাদেশ রয়টার্স-এর প্রতিনিধি জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মৌন মিছিল এবং পথসভা করেছে মেহেরপুর জেলার সাংবাদিক সমাজ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এসে শেষ হয়। এরপর মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মেহেরপুরের সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিকেরা সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল প্রথম দিনের কর্মসূচি পালন করেন। এদিকে, দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অপরাধে সাংবাদিকদের আন্দোলনের মুখে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আব্দুল কাদেরকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৪) মোহা. নায়েব আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। আব্দুল কাদেরকে বদলি করে সাতক্ষীরা জেলার আশশুনি এতিম প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জেনারেল ম্যানেজার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৬ নভেম্বরের মধ্যে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে বদলির নির্দেশ দেওয়া হয়। এর আগে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মৌন মিছিল এবং পথসভায় মেহেরপুর সাংবাদিক সমাজের আহ্বায়ক ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সভাপতিত্বে কর্মসূচিতে সাংবাদিকদের মধ্যে বক্তব্যে দেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংবাদিক ইয়াদুল মোমিন, মাহবুব চাঁদু, মুন্সি ওমর ফারুক প্রিন্স, মাহবুব আলম, আতিক স্বপন, সাংবাদিক এম এন পাভেল প্রমুখ। পথসভায় সাংবাদিক সমাজের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো বলেন, ‘ঘটনার দিন জেলা প্রশাসক সাংবাদিক নের্তৃবৃন্দের নিয়ে তাঁর সম্মেলনকক্ষে মতবিনিময় করে দ্রুত এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করেছিলেন। কিন্তু ঘটনার ৮ দিন পার হলেও তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয়নি এবং কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে আমরা বাধ্য হয়ে ৭ দিনের কর্মসূচি দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আপনি এর মধ্যে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। না হলে আমাদের এ কর্মসূচি চলতে থাকবে এবং জেলা প্রশাসনসহ মেহেরপুরের সরকারি দপ্তরের সব সংবাদ বর্জন করাসহ কঠোর আন্দোলন করা হবে।’ সাংবাদিক মুজাহিদ মুন্নার সঞ্চালনায় পথসভায় মেহেরপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরের বদলির খবর পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মেহেরপুর সাংবাদিক সমাজের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো জানান, ‘আন্দোলনরত সাংবদিকদের দাবি ছিল তাঁকে বদলি করা। তাঁকে শাস্তিস্বরূপ সাতক্ষীরার একটি উপজেলার শিশু পুনর্বাসন কেন্দ্রে জেনারেল ম্যানেজার হিসেবে বদলি করা হয়েছে। এটা আমাদের সম্মিলিত বিজয়।’ এদিকে, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কর্মকর্তা হিসেবে বদলি করার পরপরই গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সভায় বাকি ৬ দিনের কর্মসূচিসহ সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ৮ নভেম্বর তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স-এর প্রতিনিধি জাকির হোসেনকে মারধর ও তাঁদের ক্যামেরা ভাঙচুর করেন উপপরিচালক আব্দুল কাদের ও তাঁর অফিসের স্টাফরা। এ ঘটনায় ওই দিনই মেহেরপুর সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে মেহেরপুর সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিকরা ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির ১ম দিন গতকাল সোমবার সাংবাদিকদের আন্দোলনের মুখে এ দিন দুপুরে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আব্দুল কাদেরকে বদলি করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড