দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টে ভুয়া ট্রাভেল ট্যাক্স স্লিপের মাধ্যমে
দর্শনা অফিস: দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টে ভুয়া ট্রাভেল ট্যাক্সের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ২৯জন ভারতগামী যাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে এদেরকে আটক করা হয়। পরে এদের মধ্যে থেকে ২৮জনকে ছেড়ে দিলেও মধু মুন্সি নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রেখেছে কাস্টমস। আটককৃত মধু মুন্সি পাবনা জেলার বেড়া উপজেলার চর গোবিন্দপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। জানা যায়, আটককৃত ২৮জনের কাছ থেকে মধু ট্রাভেল ট্যাক্স করে দেয়ার নাম মাথাপিছু ৫’শ টাকা করে নেয় এবং ২৮জনকে ভুয়া ট্রাভেল ট্যাক্স টোকেন দেয়। ওই যাত্রীরা জানান, মধুর কাছে আমরা ট্রাভেল ট্যাক্স টোকেন করতে দিয়েছিলাম। মধু আমাদের কাছ থেকে ৫’শ টাকা করে নিয়ে এ সব ভুয়া ট্রাভেল ট্যাক্স টোকেন দিয়েছে। তবে মধু বলে রাজশাহী জনতা ব্যাংকে সোহেল নামের এক কর্মকর্তার কাছ থেকে এসব ট্রাভেল ট্যাক্স টোকেন করা হয়। সে এসব ভুয়া ট্রাভেল ট্যাক্স টোকেন দিয়েছে। এ বিষয় ফোনে সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি মধু নামে কাউকে চিনি না। আমার বাবা অসুস্থ্য আমি ব্যস্ত আছি, এই বলে সোহেল ফোন কেটে দেন। দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের পুলিশ অফির্সাস ইনর্চাজ আব্দুল আলিম বলেন, মঙ্গলবার বিকালে পাবনা জেলার সুজানগর উপজেলার বিভিন্ন গ্রামের ভারতগামী ২৯জন দর্শনা চেকপোষ্টে আসে। এসময় তাদের ট্রাভেল ট্যাক্স টোকেনের স্লিলিপ দেখে সন্দেহ হয় আমাদের। বিষয়টি কাষ্টমস কর্তৃপক্ষকে আমি অবহিত করি।

তারা এই ট্যাক্স টোকেনের স্লিপটি ভালমত পরীক্ষা করে বলে এটি ভূয়া। এ বিষয় কাষ্টমস সুপার সঞ্জিত কুমার অর্চাজ্য কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি এড়িয়ে যেয়ে বলেন, আমি এ দায়িত্ব নিয়ে এবিষয়ে কিছু বলতে পারবো না। সিনিয়র নুর আরেফিন উনি এসে পদক্ষেপ নেবেন। এদিকে নুর আরেফিন বলেন, আমি বাড়ি থেকে রাত ৮টার সময় ফিরেছি। ঘটনাটি কি হয়েছে জানি না। এ দিকে রাতে কাষ্টমস সুপারের নিকট শেষ পর্যন্ত কি হলো জানতে চাইলে কাস্টম সুপারের মোবাইল ফোনটি অন্য এক কর্মকর্তা রিসিভ করে বলেন বিষয়টি আইনী প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এরপর আরও বলেন স্যার নেই আমি কিছু বলতে পারবো না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাষ্টমস কর্তৃপক্ষ মধু মুন্সিকে আটক রেখে বাকি ২৮জনকে ছেড়ে দেয় বলে জানা গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই ২৮জন নতুন করে ট্যাক্স টোকেনের স্লিপ কাটতে না পারায় দর্শনায় অবস্থান করছেন। আজ সকালে হয়তো ট্যাক্স টোকেন স্লিপ কেটে ভারতে প্রবেশ করতে পারে। তবে অভিযুক্ত মধু মুন্সির বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।