অধিকার আদায়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান
- আপলোড তারিখঃ
১৬-০৩-২০১৮
ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ডেস্ক রিপোর্ট: ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা/সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারে মিলিত হয়। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, জেলা কার্যালয়ের আয়োজনে ও চুয়াডাঙ্গা ক্যাব’র সহযোগিতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা ক্যাব এর সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমূখ। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সেমিনারের শুরুতে উঠে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রতিপাদ্য বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. সজল আহমেদ। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আজকাল হাজার হাজার ক্রেতা অনলাইনের মাধ্যমে তাদের বাজার ক্রয় করে যাচ্ছে এতে একদিকে ভাল পণ্য ক্রয় করতে পারছে অন্যদিকে সময় সাশ্রয় হচ্ছে। আমাদের সমাজে এখনো প্রযুক্তি জ্ঞানের অভাবে অনেক জন সংখ্যা অনলাইনের বাহিরে অবস্থান করছে।’ তিনি আরো বলেন বলেন, ‘কোন ক্রেতা পণ্য ক্রয় করে কোন প্রকার প্রত্যারিত হলে ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ দায়ের করা হলে সেইসব ব্যাবসায়ীদের আইনের আওতায় আনা হবে। আপনার অধিকার আদায়ে সর্বপ্রথম আপনাকেই এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে; তবেই ভোক্তার অধিকার আদায় হবে।’ এ ছাড়া নির্ধারিত পণ্যের মূল্যের বাহিরে পণ্য বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনের আওতায় আনার সরকারি বিধান রয়েছে বলে জানান।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের, বিআরডিবি কর্মকর্তা শাহিলা শারমিন, এইআই গিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাইখুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক শেখ সাদি শিশির, জনি মিয়া, উজ্জল হোসেন, রবিন্দ্র চন্দ্র রায় প্রমুখ। আলোচনা সভার পূর্বে এক র্যালি শহর প্রদক্ষিণ করে।
জীবননগর অফিস জানিয়েছে, ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিতকর সচ্ছতা ও ন্যায্য নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, শামনুর রহমান, মতেহার হোসেন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সেখ ফরিদ আহমেদ। ক্যাবের সভাপতি রফিক-উল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক মানিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র্যালিতে অংশ নেয়। র্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার আব্দুর রবসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ক্যাবের সদস্যরা র্যালি এবং আলোচনা সভায় অংশ নেয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ` শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, মানবাধিকার কর্মী এন এম শাহজালাল, আমিনুর রহমান টুকু বক্তব্য রাখেন।
কমেন্ট বক্স