সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর আহ্বান জেলা প্রশাসকের
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় এইচএসসি, সমমান ও আলিম পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি গ্রহণের নিমিত্তে প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে সভায় পূববর্তী সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীন। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘প্রশ্নফাঁস রোধে যা যা করণীয় সকল পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। এবার কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারকারীকে পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। একই সাথে পরীক্ষা সংশ্লিষ্টরা কেন্দ্রে যাবেন মোবাইল ছাড়া।’ তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্রের কক্ষে কক্ষে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। এতে করে একটি ঘরে বসেই কিংবা একটি নির্দিষ্ট জায়গা থেকেই কেন্দ্র পরিদর্শন করা যাবে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে তার প্রমাণও থাকবে রেকর্ড হয়ে। জেলার ২০টি কেন্দ্রের মধ্যে মাত্র ৭টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে; যা প্রয়োজনের তুলনায় অনেক কম। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যামেরাগুলো কক্ষের মধ্যে স্থানান্তর করা হলে অনেকাংশে সে সমস্যা সমাধান হবে। আর যে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নাই, তারা দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করবেন। কেন্দ্র পরিদর্শনকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক কর্তৃক পরীক্ষা কেন্দ্রে অনধিকার চর্চা আর করতে দেয়া হবে না। কোন পরীক্ষার্থীর সাথে কথা বলবে না তারা।’ আইন শৃঙ্খলা, নিয়ন্ত্রণ ও পরীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান প্রমূখ। এ ছাড়া সভায় জেলার প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা, প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন এবং অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ বছর জেলার চার উপজেলার ২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ১১টি, এইচএসসি (ভোকেশনাল) ১টি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ৫টি এবং আলিম পরীক্ষা কেন্দ্র ৩টি।
কমেন্ট বক্স