টাকা আসে, টাকা যায়; চুয়াডাঙ্গা জেলায় কী অসহায় গরীব-দুঃখী নাই?
- আপলোড তারিখঃ
১১-০৩-২০১৮
ইং
দামুড়হুদায় আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় জেলা জজ
নিজস্ব প্রতিবেদক: লিগ্যাল এইড’র মাধ্যমে গরীব-দুঃখীদের মামলা পরিচালনায় সহায়তা করা হয়। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও এ ব্যবস্থা চালু আছে। আইনী সহায়তার জন্য লিগ্যাল এইড ফান্ডে টাকা আসে, টাকা যায়; কিন্তু চুয়াডাঙ্গা জেলায় কী অসহায় গরীব-দুঃখী নাই?। আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দামুড়হুদা উপজেলা কমিটি ও সুবিধাভোগী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহাঃ রবিউল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন।
গতকাল সকাল সাড়ে ৯টায় দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় জেলা জজ বলেন, ‘শক্তিশালী মানুষের সাথে দুর্বল মানুষ পেরে ওঠে না। আইন আছে, জানতে ও মানতে হবে। অধিকার আদায় না হলে মামলা করতে হবে; তার ভার নেবে সরকার। তাই তাদের কাছ থেকে আপনার অধিকার ছিনিয়ে এনে দিতেই আমরা কাজ করছি।’
সুবিধাভোগী জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, ‘ধনী-গরিব সকলের জন্য আইন সমান করা হয়েছে। আমাদের কাছে আসুন; লিগ্যাল এইড’র পরামর্শ ও সহায়তা নিন। বিরোধ করে নয় বিরোধ নিষ্পত্তি করুন। ১৫ বছর ধরে মামলা না চালিয়ে তা নিষ্পত্তির মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করুন। যার পুঁজি নেই, ঠিকমত রুজী করতে পারে না তার জন্যই তো সরকার এই ব্যবস্থা করেছে। আপনারা কেন এর সুবিধাভোগ করবেন না। সরকার ন্যায় প্রতিষ্ঠার জন্যই এ ব্যবস্থা করে দিয়েছে।’
জামান স্যোস্যাল ডেভলপমেন্ট ফাইন্ডেশনের আয়োজন সহযোগিতায় (জামান এসডিএফ) আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, যুগ্ম জেলা জজ মো. কামাল উদ্দীন শিকদার, সিভিল সার্জন খায়রুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আ.স.ম আব্দুর রউফ, সাবেক সভাপতি এড. সেলিম উদ্দীন খান, জিপি এড. মোল্লা আব্দুর রশিদ। জনপ্রতিনিধিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, হাউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে লিগ্যাল এইড বিষয়ে আয়োজক সংস্থা জামান এসডিএফ’র কর্মসূচী তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক আজিজুল হক কবির। পর্যায়ক্রমে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সাজেদুর রহমান আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ ও চুয়াডাঙ্গার আইনগত সহায়তা প্রদান সম্পর্কে প্রাথমিক ধারণা উপস্থাপন করেন। দামুড়হুদা উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম তুলে ধরে তা আরও গতিশীল করার নানা পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। এরপর আলোচনা পর্বে উন্মুক্ত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে উপস্থিত সুবিদাভোগীরা তাদের অসুবিধা ও তার সমাধানের কথা তুলে ধরেন। এ সময় জেলা ও দায়রা জজ মোহাঃ রবিউল ইসলাম তাৎক্ষণিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনা সভা থেকে উপস্থিত সুবিধাভোগী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কয়েক হাজার সদস্য তাদের অধিকার আদায়ে লিগ্যাল এইড’র সহযোগিতা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কমেন্ট বক্স