শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা কাস্টমস গোডাউন অফিসার শামীম সরকার সাময়িক বরখাস্ত

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৮ ইং
দর্শনা কাস্টমস গোডাউন অফিসার শামীম সরকার সাময়িক বরখাস্ত
কাস্টমস গোডাউনের মূল্যবান মালামাল লোপাট : নিষ্ফল দৌড়ঝাঁপ ও আস্ফালন নিজস্ব প্রতিবেদক: দর্শনা কাস্টমস গোডাউনের মূল্যবান মালামাল রাতের আধাঁরে লোপাট করে স্থানীয় ও ঢাকার চোরাচালান সিন্ডিকেটের সদস্যদের কাছে বিক্রয়ের অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা (গোডাউন অফিসার) শামীম সরকারকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, যশোর। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় তথ্য বহুল সংবাদ প্রকাশ পাওয়ার পর নানা মহলে নিষ্ফল দৌড়ঝাঁপ ও আস্ফালনেও তার শেষ রক্ষা হয়নি। গতকাল বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, যশোরের একটি নির্ভরযোগ্য সূত্র তার এই বরখাস্তের সংবাদটি নিশ্চিত করেছে। ওই সূত্র মারফত জানা যায়, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় গত ২৮ ফেব্রুয়ারি, ৬ এবং ৭মার্চ তিনটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে তার দুর্নিতীর বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। এরপর থেকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. শওকত হোসেন বিষয়টি আমলে নিয়ে গোপণে তদন্তের আদেশ দেন। তার আদেশের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে প্রকাশিত সংবাদটির সত্যতা নিশ্চিত হওয়ায় অভিযুক্ত শামীম সরকারকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। একই সাথে শামীম সরকারের হেফাজতে থাকা দর্শনা কাস্টমস গোডাউনের রেজিস্টার কাঁটা ছেঁড়া ঘষামাজা থাকায় দায়িত্বরত এআরও (গোডাউন অফিসার) জাহাঙ্গীর আলমকে মালামাল নতুন রেজিস্টারে অর্ন্তভূক্তির নির্দেশ দেন। প্রসঙ্গত, সহকারী রাজস্ব কর্মকর্তা (দর্শনা কাস্টমস গোডাউন অফিসার) শামীম সরকার দায়িত্বে থাকাকালীন সময়ে দর্শনা কাস্টমস গোডাউনের কোটি টাকার মালামাল লোপাট করে চোরাই পথে স্থানীয় চোরাকারবারী সিন্ডিকেট ও ঢাকার লাগেজ ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছেন। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক সময়ের সমীকরণ’র প্রথম পাতায় ‘দর্শনা কাস্টমস গোডাউনের কোটি টাকার মালামাল লোপাট, সন্দিগ্ধ গোডাউন অফিসার শামীম সরকার: কিছুই জানেন না ডিসি কাস্টমস ও সুপার’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে তথ্যানুসন্ধানে বেরিয়ে আসে আরো অভিযোগের সত্যতা, এ নিয়ে গত ৬ মার্চ অনুসন্ধানী প্রতিবেদন-২ এ ‘দর্শনা কাস্টমস গোডাউনে হরিলুট : ব্যাংকে নকল সোনা-রুপা জমা : প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে গাঁটপচা শাড়ী কাপড় প্রেরণ, মূল্যবান মালামাল চোরাই পথে বিক্রি : ঘটনা ধামাচাপা দিতে গুন্ডা ভাড়া : কাস্টমস কর্তৃপক্ষের রহস্যজনক নির্লিপ্ততা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়াও পরদিন ৭ মার্চ অনুসন্ধানী প্রতিবেদন-৩ এ ‘রাতের আধারে হরিলুট করা মালামাল বিক্রিতে সহায়তাকারী স্থানীয় ও ঢাকার চোরাকারবারীরা, দর্শনা কাস্টমস গোডাউন থেকে যেভাবে মালামাল পৌছায় সিন্ডিকেটের হাতে’ শিরোনামে আরো একটি প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদনগুলো তথ্য ভিত্তিক হওয়ায় শামীম সরকারকে সাময়িক বরখাস্তের আদেশ দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করায় মো. শওকত হোসেন, কমিশনার- কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান