দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধনে বক্তারা
ডেস্ক রিপোর্ট: নানা আয়োজনে সারাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিনব্যাপী র্যালি, মানববন্ধন, আলোচনা সভায় নারীর প্রতি বৈষম্য কমিয়ে আনার দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, নারীর অধিকার নারীদেরকেই আদায় করে নিতে হবে। নারীর ক্ষমতায়ণ ও জেন্ডার সমতাকরণ নিশ্চিত করতে নারীদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের কল্যাণে এ সরকার কাজ করে যাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। নারীরা কোন ক্ষেত্রে হয়রানির শিকার না হয় সে দিকে বেশি নজর দিতে হবে।
নিজস্ব প্রতিবেদক: ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মানববন্ধনে সক্রিয়ভাবে জেলা মহিলা সংস্থা, এডাব ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক নারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, জাতীয় মহিলা সংস্থা- চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা প্রমূখ। মানববন্ধন থেকে নারীদের সমঅধিকার নিশ্চিত করা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফুল কবীর। মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আবু তালেব, অফিস সহকারী হোসনে আরা, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা প্রমুখ।

জীবননগর অফিস: `সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবন ধারা` এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল, উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইসলাম, উপজেলা খাদ্য অফিসার আব্দুল খালেক, উপজেলার সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা, ঊষা সংস্থার সমন্বয়কারী আলমগীর হোসেন প্রমুখ।