আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের সীতামপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ
ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের সীতারামপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজুর ও সুজন হোসেন নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ন কবির জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুমের সমর্থক এবং সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সীতারামপুর গ্রামে চা পানকে কেন্দ্র করে উভয় পক্ষের দুইজন সমর্থকের বাক-বিতন্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের সমর্থকরা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাঠিসোঁটা, ঢাল-সড়কি নিয়ে শীতারামপুর গ্রামে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে পাশের পরানপুর ও চন্দ্রযানী গ্রামেও। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ২০টি বাড়ি ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দশজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা শান্ত রয়েছে বলে তিনি জানান।