নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা; পরিবারকে সম্মাননা
ডেস্ক রিপোর্ট: নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও তাঁদের পরিবারকে বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশ লাইন্সে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় নিহত/মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের পরিবারের মাঝে এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম এর উপস্থিতিতে পুলিশ মেমোরিয়াল ডে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবিব পিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই দিনটি শহীদ পুলিশ সদস্যদের স্মরণের দিন। শহীদ পরিবারের সদস্যদের কষ্ট অনুধাবনের দিন। তাদের ভিতরের কষ্ট সবাইকে বুঝতে হবে ও সমবেদনা জ্ঞাপন করতে হবে। কর্তব্য পালন করতে গিয়ে প্রতিবছরই অনেক পুলিশ সদস্য নিহত হন। আমরা তাদের কাছে চিরঋণী। তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
পরে নিহত পুলিশ সদস্যদের তিনটি পরিবারের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলো- আলমডাঙ্গা উপজেলার কোর্টপাড়ার মৃত কনস্টবল ইয়াছ উদ্দিনের স্ত্রী মোছা. শাহানারা বেগম, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াউটুপি গ্রামের মৃত কনস্টবল কামরুজ্জামানের স্ত্রী মোছা. সারজিনা খাতুন লিপি এবং দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত কনস্টবল ওয়াছিদ আলীর স্ত্রী মোছা. বেবী নাজনিন।

মেহেরপুর অফিস জানিয়েছে, নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে মেহেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্সে এ সকল কর্মসূচী পালন করে জেলা পুলিশ। কর্মসূচীর শুরুতে পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) লিয়াকত আলী, সদর থানার ওসি রবিউল ইসলাম, মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, বিশেষ শাখার ইন্সপেক্টর তরিকুল ইসলাম, সিআইডি ইন্সপেক্টর হাসান ইমাম, ডিবি’র ওসি শাহীন উদ্দিন, টিআই ইসমাইল হোসেন, নিহত পুলিশ সদস্যদের পক্ষে রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে পুলিশ লাইন্স মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, অভিভাবক রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে নিহত চার পুলিশ সদস্যদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। তারা হলেন- সদর উপজেলার চাঁদবিলের মোফাজ্জেল হোসেন, কামদেবপুরের রুবেল হোসেন, গাংনী উপজেলার মোহাম্মদপুরের মিন্টু আলী এবং একই উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মুস্তাফিজুর রহমান।