ছিনতাইকৃত টাকাসহ ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার দু’যুবক আটক
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে মধ্যরাতে ইটভাটার তিন শ্রমিককে মারধর করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে তিনজন মাটিকাটা শ্রমিকের কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। রোববার দিবাগত রাত ১টার পর চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়াম এলাকায় মোটর গ্যারেজের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গতকাল সোমবার ২টার দিকে ছিনতাইয়ের কবলে পড়া ছোটশলুয়া গ্রামের ছাদ্দাম বাদী হয়ে আটক দু’ছিনতাইকরীর নামে মামলা দায়েল করেন। পরে গতকালই আটককৃত ছিনতাইকারীদের আদালতে প্রেরণ করে পুলিশ। আটককৃত দুই ছিনতাইকারী হলো চুয়াডাঙ্গা পৌর শহরের পুরাতন ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়ার সুলতান মাহমুদের ছেলে মেহেদি হাসান অনিক (১৯) ও আব্দুল মান্নানের ছেলে রাজন (১৯)।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের আকুব্বার আলীর ছেলে সাদ্দাম হোসেন (১৯), আব্বাস আলীর ছেলে রহিদুল ইসলাম (১৮) এবং বালিয়াকান্দি গ্রামের আলামিন (১৯) যশোর কোতোয়ালী থানার রুপদিয়া আপিল ইটভাটার মাটি কাটা শ্রমিক। দীর্ঘ এক মাস কাজ করার পর রোববার দিবাগত রাতে যশোর থেকে সুন্দরবন ট্রেনযোগে চুয়াডাঙ্গা ষ্টেশনে নেমে বাড়ি ফেরার পথে পুরাতন স্টেডিয়াম এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাদেরকে মারধর করে কাছে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় পুরাতন ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পাড়ার দু’যুবক। ঘটনাস্থল থেকে পালানোর সময় ছিনতাইকারী দু’যুবককে আটক করে সদর ফাঁড়ি পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাওয়া যায় ছিনতাই করা ৮ হাজার টাকা।
পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়মিত অভিযানে বের হয়ে পুরাতন স্টেডিয়াম এলাকায় উপস্থিত হলে তিনজন যুবকের চিৎকার শুনে তাদের কাছে গেলে তাদের টাকাপয়সা ছিনতাই এর বিষয়টি জানতে পারেন। এ সময় অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে দুই ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে পুলিম। পরে তাদের সদর থানা হেফাজতে নেয়া হয়। একই সাথে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৮ হাজার টাকা। পরদিন সোমবার ছিনতাইয়ের কবলে পড়া ছোট শলুয়ার ছাদ্দাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় এজাহার দায়ের করেন। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে ছিনতাই মামলাসহ আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।
কমেন্ট বক্স