গতকালও মেলেনি খালেদা জিয়ার রায়ের কপি
- আপলোড তারিখঃ
১৬-০২-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি গতকাল বৃহস্পতিবারও মেলেনি। দিনভর অপেক্ষার পর বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, আজও রায়ের অনুলিপি পাওয়া যায়নি। আদালতের কর্মচারী তাকে বলেছেন, অনুলিপির অর্ধেক কাজ শেষ হয়েছে। এখন তুলনা চলছে। কিন্তু তা শেষ না হওয়ায় অনুলিপি দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী রোববার রায়ের কপি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিনও না হলে সোমবার নিশ্চিত। রায়ের কপি পেতে গত ১২ ফেব্রুয়ারি আদালতে ৩ হাজার ফলিও (সরকারি যে কাগজে নকল দেওয়া হয়) জমা দেন তিনি। সানাউল্লাহ মিয়া জানান, রায়ের অনুলিপি না পাওয়ায় হাইকোর্টে খালেদা জামিন আবেদন করা যাচ্ছে না। এর আগে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, 'ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামানের আদালতের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, কপি তৈরির কাজ শেষ পর্যায়ে। বুধবার বিকেল ৪টা নাগাদ তা আইনজীবীদের দেওয়া যাবে।' কিন্তু গত বুধবার বিকেল পর্যন্ত রায়ের কপি তৈরির কাজ শেষ না হওয়ায় তা খালেদার আইনজীবীদের হাতে দিতে পারেননি কর্তৃপক্ষ। তবে খালেদার সঙ্গে কারাগারে তার গৃহপরিচারিকা ফাতেমাকে থাকার অনুমতি দেয় কর্তৃপক্ষ।
কমেন্ট বক্স