কড়া পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। তবে স্থানীয় সাহিত্য পরিষদের সামনের রোডে মানববন্ধন করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না থাকার অজুহাতে তাদের সাহিত্য পরিষদের সামনের সড়কে দাঁড়াতে দেয়া হয়নি। এমনকি মানবন্ধন উপলক্ষ্যে নেতাকর্মীরা একত্রিত হতে থাকলে তাদেরকে চলে যেতে বাধ্য করে পুলিশ। পরে নেতাকর্মীরা পুলিশের কঠোর বেস্টনীতে সাহিত্য পরিষদের ভেতরেই মানববন্ধন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সহ-সভাপতি খাইরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।
জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবীব সেলিরে পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, হাবিবুর রহমান সাদিদ, রাশেদুল ইসলাম রাশেদ, বদর উদ্দিন বাদল, আনিসুল হক বিশু, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, মাসুদ রানা, আপেল, রুবেল হাসান, তুহিন ইসলাম, শামসুল ইসলাম শামসু, আব্দুল সালাম, জেলা ছাত্রদল নেতা রিন্টু মহলদার, শাহ জামাল প্রমূখ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন। এ ছাড়া আজ মঙ্গলবার একই স্থানে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী পালন করবে বলে জানানো হয়। এদিন বিএনপি’র কর্মসূচী উপলক্ষ্যে আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে, সোমবার বিএনপির বেশ কয়েকজন নেতা শহরের শহীদ আবুল কাশেম সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতনসহ জেলা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক এমএ তালহা ও মঞ্জুরুল জাহিদ। বেলা সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে কিছু সংখ্যক নেতাকর্মীদের নিয়ে পুলিশি বেস্টনীর মধ্যে মানববন্ধন করে বিএনপির নেতাকর্মীরা।

মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন-এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।