শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অপার সুযোগ সৃষ্টি হয়েছে
- আপলোড তারিখঃ
১১-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীতে হুইপ ছেলুন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘বর্তমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অপার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার সকল ক্ষেত্রে নজর দেয়ার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দেয়ায় নিরক্ষরতার হার কমেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শিশু-কিশোররা আজ অনেক এগিয়ে গেছে।’ গতকাল শনিবার সকাল ১০টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (চাঁদমারী) চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হুইপ ছেলুন আরো বলেন, ‘স্বাভাবিক জীবনযাপনের জন্য যেমন পড়াশোনার প্রয়োজন রয়েছে; তেমনি খেলাধুলারও সমান প্রয়োজন রয়েছে। মেধা বিকাশের পাশাপাশি আপনার শিশুর সুস্থ-সুন্দর শারিরীক-মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতির প্রয়োজন অপরিহার্য।’
সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, আবু তালেব, কামরুজ্জামান কামাল, ফিরোজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক আব্দুস সালাম। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, অ্যালিম্পিক পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথির বক্তব্যের মধ্যে দিয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার-এমপি। দিনব্যাপী ৫০টি ইভেন্টে দু’টি গ্রুপে চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে সদর উপজেলা পরিষদ চত্তরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক।
কমেন্ট বক্স