শপথ নিলেন জীবননগরের উথলী মনোহরপুর ও কেডিকে ইউপি’র নবনির্বাচিত তিন চেয়ারম্যান
- আপলোড তারিখঃ
০৫-০২-২০১৮
ইং
উন্নয়নকাজে দলমত নির্বিশেষে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন পুনঃগঠিত উথলী ইউপি এবং নবগঠিত মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত তিন চেয়ারম্যান জেলা প্রশাসকের নিকট হতে শপথ গ্রহণ করেছেন। গতকাল রবিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত উথলী ইউপি থেকে নির্বাচিত (বিএনপি মনোনীত) আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউপি থেকে নির্বাচিত (আ’লীগ মনোনীত) সোহরাব উদ্দীন খান ও কেডিকে ইউপি থেকে নির্বাচিত (আ’লীগ মনোনীত) খায়রুল বাশার শিপলুকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এর আগে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সমময় তাদের দায় দায়িত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হয় এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)’র সাথে একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন হলেও নির্বাচিত জনপ্রতিনিধিরা সব মানুষের চেয়ারম্যান। তাই সবাইকে ইউনিয়ন পরিষদের সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে।’
নবনির্বাচিত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি স্থানীয় সরকারের সব উন্নয়নমূলক কর্মকা- ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত হবে। উন্নয়নকাজে দলমত নির্বিশেষে কাজ করার জন্য অনুরোধ রইলো।’ শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউপি’র নবনির্বাচিত সদস্য সেলিম রেজা, আলতাফ হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার ফখরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গেল বছরের ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পুনঃগঠিত উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত আবুল কালাম আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। এ ছাড়া নবগঠিত দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সোহরাব উদ্দীন খান (মনোহরপুর) ও খায়রুল বাশার শিপলু (কেডিকে) নৌকা প্রতীকে নির্বাচিত হন। শপথ গ্রহণ শেষে শিঘ্রই ইউনিয়ন পরিষদে ফিরে প্রথম সভায় যোগদানের মাধ্যমেম দায়িত্বভার গ্রহণ করবে তাঁরা।
কমেন্ট বক্স