চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার দামুড়হুদা আলমডাঙ্গা ও মেহেরপুরের বারাদিসহ বিভিন্ন বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা, আলমডাঙ্গা, ভালাইপুর, দর্শনা, বারাদি অঞ্চলের অফিস/প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট:
দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গার্লস স্কুল এন্ড কলেজ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি এমপি টগর বলেন, শিক্ষাক্ষেত্রে এসএসসি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম মাইলফলক। দীর্ঘ দশ বছরের শিক্ষাজীবনের মূল্যায়ন হয় এসএসসি পরীক্ষার মধ্যদিয়ে। তাই এই পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনে উচ্চশিক্ষার প্রথম ধাপের যাত্রা শুরু হয়। আমি আশা করি তোমরা ভাল রেজাল্ট করে একদিকে যেমন বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবা অন্যদিকে নিজেদের ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যাবা। তোমরাই এদেশের ভবিষ্যত। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রতিটি শিক্ষার্থীকে বই দিচ্ছে। পর্যাপ্ত বৃত্তি প্রদানসহ উৎসাহব্যাঞ্জক বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এখন দরকার গুণগতমানের শিক্ষা। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। একবিংশ শতাব্দি হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক। বর্তমান প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে স্থানীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে তারা যেকোনো প্রতিযোগিতায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণ করতে পারে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান কি করছে, কার সাথে মিশছে, স্কুল-কলেজে গিয়েছে কি-না তা অভিভাবকদের জানতে হবে। সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে হবে। সর্বশেষ তিনি আশার বাণী শোনান খুব শিগগিরই এই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তালা ভবন নির্মান হবে। এমপিও ভূক্ত শুরু হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখাটিও এমপিও ভূক্ত হয়ে যাবে। এমপিও ভূক্ত করার জন্য যা যা করার প্রয়োজন আমি তা করে রেখেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ. লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দর্শনা পৌর আ. লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আ. লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শফিকুল কবির ইউসুফ, ম্যানেজিং কমিটির সদস্য ঈমান আলী, আবুল হাশেম মেম্বার, তিতুয়ার রহমান, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম, নূরুন্নবী, সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, যুগ্নসম্পাদক মোর্শেদ বিন ফয়সাল তানজির, কোষাধ্যক্ষ মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান।

আলমডাঙ্গা: আলমডাঙ্গা আনন্দধাম রেঁনেসা কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্কুল চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ইউনুচ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাউকি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক আব্দুল ওয়াদুদ, শিক্ষক মাহাবুল হক, লিটন আলী, ডালিম হোসেন, কাজী আমিরুল ইসলাম সুজন। শিক্ষক কাজল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবানা খাতুন, রুপালী খাতুন, রতœা খাতুন, শিক্ষার্থী মাহফুজা, ডালিয়া, তানিয়া, পিংকি, সোহেল, সৌরভ, তুষার, রাজিব, শান্ত প্রমুখ।
ভালাইপুর: দামুড়হুদার ইব্রাহীমপুরে ইংলিশ টিউটরিয়াল সেন্টারের পক্ষ থেকে বিদায়-বরন অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার বেলা ১০টার সময় ইব্রাহীমপুর পশ্চিমপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংলিশ টিউটরিয়াল সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আফসার উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রেজাউল হক রেজা, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শামিম আহমেদ, রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লিটন আলী, বিষ্ণুপুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফিরোজ ইফতেখার, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রাহিন উদ্দিন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকগণসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
দর্শনা: দামুড়হুদার বড়বলদিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বড়বলদিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে বিদ্যালয়ের অধ্যক্ষ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়বলদিয়া বিওপি কমান্ডার আলী আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন গোলাম রহমান মাষ্টার, আ. লীগ নেতা আশাদুল হক। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক তক্কেল আলী, জিয়াবউদ্দীন, হাশেম আলী, লিয়াকত আলী, মতিয়ার রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান। অনুষ্ঠানে ৮০ জন নবীন ছাত্রছাত্রীকে বরণ এবং ৮০ জন ছাত্রছাত্রীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বারাদি: মেহেরপুর সদর উপজেলা বারাদিতে এস.এস বিদ্যানিকেতনে নবীন বরণ, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এস.এস বিদ্যানিকেতনের নির্বাহী পরিচালক সেলিম হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী। প্রধান বক্তা ছিলেন জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, পিরোজপুর চাইল্ড কেয়ারের পরিচালক ফাইল উদ্দিন প্রমূখ। শিক্ষক সফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া এবং আমন্ত্রিত অতিথি ছিলেন হুমায়ন কবির স্বপন, সিরাজুল সালেকিন, মাহফুজুর রহমান, মিজানুর রহমান বাবলুসহ সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষার্থীরা। এর আগে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।