খালেদা জিয়াকে ছাড়া ভোটে যাবে না বিএনপি
- আপলোড তারিখঃ
২৮-০১-২০১৮
ইং
স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত : সাজা হলে জামিন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলটি
সমীকরণ ডেস্ক: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বাইরে রেখে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি। গতকাল শনিবার রাতে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রায় ঘোষণার পর তা রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলারও সিদ্ধান্ত হয়েছে। নেতাদের মতামত নিয়ে রায়-পরবর্তী করণীয় চূড়ান্ত করবে দলটি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেখে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। একই সঙ্গে দলের চেয়ারপারসনকে আগামী নির্বাচন থেকে বাইরে রাখার কোনো ষড়যন্ত্র হলে সেই নির্বাচন বয়কট করা হবে বলেও দলটির নির্ধারকরা একমত হয়েছেন। জাতীয় নির্বাহী কমিটির সভা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। খালেদা জিয়ার মামলার রায় 'তড়িঘড়ি' করাকে 'সরকারি ষড়যন্ত্র' দাবি করে এর বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকের ফাঁকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। মামলার ভবিষৎ রায় নিয়ে আইনি ও রাজনৈতিক পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে ওই বৈঠক ডাকা হয়। শনিবার রাত সাড়ে ৯টায় শুরু হয়ে পৌনে ১২টায় বৈঠক শেষ হয়। আজ রোববার জোটের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স