চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল প্রদান
জীবননগর অফিস জানিয়েছে, প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রবীণদের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার সময় মনোহরপুর ইউনিয়ন পরিষদ ও ওয়েভ ফাউন্ডেশন এবং মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে এ বিতরন অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত প্রবীন ব্যক্তির মধ্যে ৫০টি কম্বল ও ৫০টি চাঁদর বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, যুবলীগ নেতা শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, মজিবার রহমান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ফরহাদ হোসেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক ৪টি স্থানে ৭৫টি কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরজাহান খানম সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে ১০টি, সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) ১০টি, মোমিনপুর ইউপির সরিষাডাঙ্গা রোমেলা রহমানিয়া ইসলামিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ে ২০টি এবং আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালি আবাসন প্রকল্পে ৩৫টি কম্বল নিজ হাতে সশ্লিষ্ট কর্মকর্তা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে তুলে দেন। বিতরণকালে জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, খলিলুর রহমান ও মাফলুকাতুর রহমান সাজু, সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম এবং রোগী কল্যাণ সমিতির কর্মকর্তা আব্দুল্লাহ আল সামি, মাতৃসদনের ডা. শফিকুল ইসলাম, রহমানিয়া মাদরাসার সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু ও অধ্যক্ষ শরিফুল ইসলাম, খুদিয়াখালি আবাসন প্রকল্পে জেহালা ইউপির ৭নং ওয়ার্ড সদস্য ওহিদ আলী মোল্লা উপস্থিত ছিলেন।
তিতুদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা আ. লীগের সহসভাপতি নজরুল মল্লিক। এ সময় তিনি বলেন- চুয়াডাঙ্গা ২-আসনের এমপি হাজী আলী আজগর টগর গরীব দুঃখী মানুষের টাকা আত্মসাৎ করে নিজে টাকার পাহাড় গড়েছে এবং সমাজে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার বিরুদ্ধে এলাকায় দুর্নীতিযুক্ত করেছে প্রতিনিয়ত। তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে। আমি যদি চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হবার সুযোগ পায় তাহলে আমার প্রথম কাজ হবে দুর্নীতি সন্ত্রাসবাদ দুর করে সব এলাকায় উন্নয়য়মূলক কাজ করে বঞ্চিত মানুষের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়া। গতকাল শনিবার সন্ধ্যায় ইউপির তিতুদহ, গড়াইটুপি, খাড়াগোদা বাজারসহ কয়েকটি জায়গাতে কম্বল বিতরণের পাশাপাশি গরীব দুঃখী মানুষের খোজখবর নেওয়ার পর কুশল বিনিময় করেন। এসময় তার সফরসঙ্গী ছাড়াও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আ. লীগ নেতা শুকুর আলী, নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম (জাহিদ), আ. লীগ নেতা সাজ্জাত মালিতা, মিনাজ মালিতা, কাদের, মকবুল হক, রতন আলী, জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. নূরুল ইসলাম প্রমূখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নে গরীব দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল মল্লিক বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিগত দিনে ৩ দফা ক্ষমতায় দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। সারাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু আমাদের চুয়াডাঙ্গা-২ আসন এলাকায় সরকারি বরাদ্দ অনুযায়ী উন্নয়ন হয়নি। যে কারণে এ অঞ্চলের বিরোধী শক্তি আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলার সাহস পাচ্ছে। উপজেলা যুবলীগের (একাংশ) আহ্বায়ক এড. আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি নজরুল মল্লিক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে আরও বলেন, এলাকার উন্নয়নের চেয়ে তিনি, তিনার নিজের ও আতœীয়-স্বজন এবং তার অনুসারী গুটিকয়েক নেতার ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। যেটা আওয়ামী লীগের জন্য অত্যান্ত লজ্জা জনক বিষয়। আমি মনোনয়ন পেলে চুয়াডাঙ্গা-২ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো বলে আপনাদের কথা দিচ্ছি। জেলা আ.লীগের সহসভাপতি নজরুল মল্লিক গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বাড়ির সামনে এই কম্বল বিতরণ করেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আর্তমানবতার সেবাই এগিয়ে আসলো চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল মুজিবনগরের অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) পরিচালক লে. কর্নেল হাসান ইমাম। এ সময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম, আনন্দবাস বিওপি কমান্ডার নায়েক সুবেদার আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় কয়েক হাজার সাধারণ মানুষের চিকিৎসা প্রদান করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হাসপাতালের চিকিৎসক ক্যাপ্টেন ডা. নাবিলা, লে. কর্নেল ডা. আদনানসহ চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৫ জন সহকারী। এসময় ব্যবস্থাপত্র নেওয়া রুগীদের মাঝে ফ্রী ঔষধ দেওয়া হয়। এ সময় চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল হাসান ইমাম নিজ হাতে অসহায় দরিদ্র বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন `ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ` জেলার অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রাম ও শহরের নানা প্রান্তে কম্বল বিতরণ করা হয়। ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি সিনিয়র সংবাদিক আসিফ ইকবাল কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠুর সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণের কাজ পরিচালিত হচ্ছে। সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম লিকু, অফিস সম্পাদক জাম্মিম হোসেন সবুজ, অর্থ সম্পাদক শারমিন আক্তার, সহ- অফিস সম্পাদক সোহাগ স্বপ্ন ও মেহেদী হাসান মিন্দি কম্বল বিতরণ কাজে অংশ গ্রহন করেন। ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু মুঠোফোনে জানান, এ পর্যন্ত আমরা ঝিনাইদহ শহরের পাগলাকানাই, চুয়াডাঙ্গা ষ্ট্যান্ড, মুরারীদহ, সদর উপজেলার বানিয়াকান্দর, কৃষ্ণপুর, জামতলা, বাড়িবাথান, শিকারপুর, শালিয়া, ভাতুড়িয়া, কোলা, সাধুহাটী, কোটচাঁদপুরের ঘাগা ও তালসার গ্রামের প্রায় দুই’শ ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি সংবাদিক আসিফ ইকবাল কাজল জানান, শহর ও গ্রামে কম্বল বিতরণের কাজ অব্যাহত রাখা হবে।